রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁও রেলস্টেশনে পথশিশু, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে খাবার রান্না করেন। পরে প্রথমে কারওয়ান বাজার ও পরবর্তী সময়ে তেজগাঁও রেলস্টেশনে গিয়ে সেখানে অবস্থানরত অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন তাঁরা।
আয়োজকেরা জানান, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া শুধু সহায়তা নয়, বরং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই সংগঠনটি নিয়মিত এ উদ্যোগ পরিচালনা করছে।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা ও ফাতেমা জামান সাথী, যুগ্ম মহাসচিব মো. আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ দিপা আক্তার ও শাহনাজ সানু, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান স্বপন এবং কার্যকরী সদস্য মো. মাহমুদুর রহমান। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব সালমান মাহমুদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে চায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা প্রতি সপ্তাহে অন্তত ৩০০ মানুষকে একবেলা খাবারের ব্যবস্থা করব। এ মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন।”
The post কারওয়ান বাজার ও তেজগাঁওয়ে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ appeared first on ভোরের চেতনা.
