আহত জুলাই যোদ্ধাদের বাড়ি, চেক ও সেলাই মেশিন দিল ‘আমরা বিএনপি পরিবার
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের পতন ঘটেছে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভবিষ্যতে যেন দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত বাড়ির চাবি, আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, জুলাই যোদ্ধারা দেশের সম্পদ। তাঁদের আত্মত্যাগের কারণেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। তাঁদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং ভবিষ্যতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় একটি নবনির্মিত বাড়ির চাবি, চারটি আর্থিক সহায়তার চেক এবং ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব সহায়তার মাধ্যমে আহতদের আবাসনসংকট নিরসন, আর্থিক সহযোগিতা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
