নেপালের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীত সুখকর ছিল না। সর্বশেষ দুই সাক্ষাতেই হেরেছিল বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির আজকের ম্যাচে তাই নেপাল নারী দলকেই ফেবারিট ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু এবার হলো উল্টো ফল।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দারুণ এক জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ দল। স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল নেপালকে হারিয়েছে ৩৩–২০ গোলে।
আলোনসোর অধীনে এটিই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচটা তাই তাঁর জন্য ছিল বিশেষ কিছু। এই ম্যাচকে মনে রাখবেন সাত গোল করে ম্যাচসেরা হওয়া বাংলাদেশের আলপনাও।
ম্যাচ শেষে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার আনন্দও ধরা পড়ল তাঁর কথায়, ‘২০১৯ এসএ গেমসে আমরা নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা মনের মধ্যে ছিল। আজ জিততে পেরে ভালো লাগছে।’

ম্যাচের প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের সাকিবা জান্নাতকে। একজন খেলোয়াড় কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই কাজটা কঠিন হয়ে যায় স্বাগতিকদের। তবে আত্মবিশ্বাস হারায়নি স্বাগতিকেরা।
এ নিয়ে আলপনার কথা, ‘সাকিবা লাল কার্ড দেখার পর সবাই একটু হতাশ হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে তখন সবাইকে বলেছি, চিন্তার কিছু নেই। আমাদের মনোবল হারালে চলবে না। শেষ পর্যন্ত লড়তে হবে।’
নেপালের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আলপনার কণ্ঠে অবশ্য এবার ভারতকেও হারানোর প্রত্যয়, ‘আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। তারা শক্তিশালী দল। তবে আমরা জয়ের জন্যই নামব।’
