
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারেও সোনার বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। সে হিসাবে নতুন সিদ্ধান্তে এই মানের সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
The post আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা appeared first on অর্থসূচক.
