Published on
:
1 min read
বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
হাওড়া থেকে নয়া দিল্লি গ্র্যান্ড কর্ড রুটে আসানসোল ও ধানবাদ স্টেশন হয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সম্প্রতি মুম্বইয়ে তিন দিন ধরে চলা চিফ কন্ট্রোলারদের টাইম টেবিল কনফারেন্সে এই ট্রেন চালুর মঞ্জুরি দেওয়া হয়েছে। এর ফলে এই অঞ্চলের যাত্রীদের দিল্লি যাতায়াত আরও সহজ ও কম সময়ের হবে। হাওড়া থেকে ছাড়ার পরে ট্রেনটি আসানসোল ও ধানবাদ— উভয় স্টেশনেই থামবে। তবে ঠিক কবে থেকে এটি চালু হবে, তা রেলের চূড়ান্ত টাইম টেবিল প্রকাশের পরেই জানা যাবে।
দীর্ঘদিন ধরে চেম্বার অফ কমার্স ও হাওড়া এবং আসানসোল ডিভিশনের রেলযাত্রীদের বিভিন্ন কমিটির পক্ষ থেকে এই রুটে বন্দে ভারত স্লিপার চালানোর দাবি জানানো হচ্ছিল। এই সিদ্ধান্তের ফলে ভীষণ খুশি আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভু ঝা ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের কর্মকর্তা রোহিত খইতান। তাঁরা বলেন, ‘আমরা বহুদিন ধরে এই দাবি করে আসছিলাম। সবার জন্যই এটা খুব ভালো হবে।’ বর্তমানে হাওড়া ও শিয়ালদা থেকে রাজধানী এবং শিয়ালদা-বিকানির দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়ার ট্রেন চললেও, এই নতুন স্লিপার বন্দে ভারত মধ্যবিত্ত ও ব্যবসায়ী সম্প্রদায়ের যাত্রীদের বিশেষ ভাবে উপকৃত করবে।
পাশাপাশি ওই কনফারেন্সে হাওড়া থেকে আনন্দ বিহারগামী সাপ্তাহিক ট্রেনটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন চালানোর বিষয়েও সবাই সহমত পোষণ করেছেন। খুব শিগগিরই নতুন টাইম টেবিলে এই সব পরিবর্তনের ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।