Published on
:
1 min read
এই সময়: কলকাতা মেডিক্যাল কলেজে ওরিয়েন্টেশন পর্বে নবাগত পড়ুয়াদের ওয়েলকাম কিট বা উপহার দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলো বৃহস্পতিবার। অভিযোগ, এনএমও-র তরফে আয়োজিত ওই কর্মসূচিতে এমসিডিএসএ–র সদস্যরা হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং জুনিয়রদের হুমকি দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এবং র্যাগিংয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ। এতে অভিভাবক মহলে ভয়ের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন এক অভিভাবক।
অন্যদিকে, এই ধরনের ভাষা চিকিৎসক তথা সভ্য সমাজে কাম্য নয় বলে অসন্তোষ প্রকাশ করেছেন এক প্রবীণ চিকিৎসক। কলেজের ছাত্র সংগঠনগুলি যদি এই ধরনের হুমকি সংস্কৃতি চালায়, তবে তা ছাত্রসমাজের পক্ষে ক্ষতিকর বলে মনে করছেন তিনি।
ক্যাম্পাসে র্যাগিং–মুক্ত সুস্থ এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কলেজ কর্তৃপক্ষের তরফে অবিলম্বে যথাযথ পদক্ষেপের দাবি তুলেছে অভিভাবক মহল। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।