শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পল্টন এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের বিষয়টি তদারকি করতে তিনি এসব মন্দির পরিদর্শন করেন।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পল্টন এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একইসঙ্গে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন তিনি।
এ সময় মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আবদুস সালাম। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে নগরীর মন্দিরগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।
