প্রকাশিত: ২২:৫২, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ২৩:০০, ১৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নেন ইউএনও প্রতীক কুমার কুণ্ডু
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালানোর সময় স্পিডবোট দুর্ঘটনায় নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে বোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে কংসার দিঘির পাড়-সংলগ্ন নদীতে অভিযান চালানো হচ্ছিল। ইউএনওসহ অন্যরা স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে স্পিডবোটের গিয়ারে ত্রুটি দেখা দিলে দ্রুতগতিতে এসে নদীর পাড়ে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেন। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়।
অভিযানে ইউএনও প্রতীক কুমার কুণ্ডু, আনসার সদস্য জসিম ও রেজাউল, চালক মো. আশরাফুল, ‘ভলান্টিয়ার্স অব নলছিটি' নামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত, রায়হান আহত হন।
