প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয়। দ্বিতীয় ম্যাচেও সেই পথে হাঁটল ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। এবারও শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। কিউয়ি বধ করে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ‘মেন ইন ব্লু’। তবে এই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হল ভারতকে। নিউজিল্যান্ডের দেওয়া ১৮১ রানের লক্ষ্য পেরতে গিয়ে একটা সময় দ্রুত উইকেট খুইয়ে চাপের মধ্যে পড়ে গিয়েছিল গৌতম গম্ভীরের দলকে। তবে ফিনিশারের ভূমিকায় নামা তিলক বর্মা, নমন ধীর ও নীতীশ কুমার রেড্ডির ‘ত্রিফলা’য় দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া।
টসের পরেই দলে জোড়া পরিবর্তনের কথা জানান শ্রেয়স। চোটের কারণে ঈশান কিষান খেলতে পারছেন না। তাঁর জায়গায় দলে এলেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে, ময়ঙ্ক যাদবের পরিবর্তে সুযোগ পেলেন প্রিন্স যাদব। শ্রেয়সের কথায়, দ্বিতীয় পরিবর্তনটি ছিল রুটিন রোটেশনের অংশ। বল হাতে শুরুটা অবশ্য ভালোই করেছিল ভারত। নিজের প্রথম ওভারেই টিম সেইফার্টকে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। দু’ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ১১/১। এর পর ভুবনেশ্বর কুমারের বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডারিল মিচেল। চার ওভার শেষে কিউয়িদের স্কোর তখন ২ উইকেটে ২৩। নিজের প্রথম ওভারেই ফিন অ্যালেনকে (১৪ বলে ১৬) বোল্ড করেন প্রিন্স যাদব। পাওয়ার প্লে-র ছয় ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৪৩।
প্রথম ম্যাচের মতো শুরু থেকে আগ্রাসী মেজাজে ছিল না নিউজিল্যান্ড। ১০ ওভারে স্কোর বোর্ডে ৬৬-র বেশি ওঠেনি। পড়ে গিয়েছিল ৩ উইকেট। কিন্তু এর পরেই পালটা আক্রমণে ম্যাচের ছবিটা বদলে দেন গ্লেন ফিলিপ্স। তাঁর সঙ্গে ক্রিজে জমে যান জেকবসও। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ফিলিপ্স। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান পৌঁছে যায় ৩ উইকেটে ১৩৩-এ। ফিলিপ্স তখন ৪৩ বলে ৭০ রানে ব্যাট করছেন। জেকবসের রান ৩৯। শেষ দিকে ফিলিপ্সের ঝোড়ো ইনিংস থামান অর্শদীপ। ৪৩ বলে ৭০ রান করে ফেরেন কিউয়ি ব্যাটার। তবে ততক্ষণে ফিলিপ্স ও জেকবস মিলে মাত্র ৭৭ বলে যোগ করেন ১১৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে তারা। অর্শদীপ নেন ৩৩ রানে দু’টি উইকেট। ভুবনেশ্বর কুমার ১ উইকেট শিকার করলেও বিলিয়ে দিলেন ৫০ রান। নীতীশ কুমার রেড্ডি এবং ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ‘কৃপণ’ প্রিন্স যাদব ভাগ করে নেন একটি করে উইকেট।
ব্যক্তিগত কৃতিত্বে এদিন নজির গড়লেন অর্শদীপ। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। ২০২২ সালে ৩২টি ম্যাচ খেলে ৩৭টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। এত দিন সেটাই ছিল ভারতীয় বোলারদের সেরা নজির। শনিবার সেইফার্ট ও ফিলিপ্সকে ফিরিয়ে চলতি বছরে অর্শদীপের উইকেটসংখ্যা দাঁড়াল ৩৮। ভুবনেশ্বরের চেয়ে তিন ম্যাচ কম খেলে এই কীর্তি গড়েছেন তিনি। ২০২৪ সালে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৬টি উইকেটও নিয়েছিলেন অর্শদীপ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
