বোয়ালমারীর পূজামণ্ডপে সাবেক এমপি খন্দকার নাসিরুলের আর্থিক সহায়তা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করে আয়োজক কমিটির হাতে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ সহায়তা দেন। এ সময় তিনি পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ এবং সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. এলিম বিশ্বাস। রূপাপাত ইউনিয়নে তাঁর সঙ্গে ছিলেন মো. আবুল কালাম মিয়া ও মিলু মোল্লা।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাস এবং পরস্পরের সুখে-দুঃখে পাশে থাকা প্রত্যাশিত।
তিনি আরও বলেন, দুর্গাপূজা আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও মানুষের কল্যাণ ও সম্প্রীতি রক্ষায় কাজ করতে চান তিনি।
পরিদর্শনকালে স্থানীয় নেতারা, পূজামণ্ডপের আয়োজক কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
