কালবেলা · রাজনীতি
বিএনপি সরকারের ৮ মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়
১৯/১০/২০২৬

সরকার গঠনের প্রথম আট মাসের মধ্যেই বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এসব পদত্যাগের পেছনে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা কাজ করেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সর্বশেষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। অভিযানের সময় তার নিজের হাতে ও সহযোগীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। অস্ত্র উঁচিয়ে অভিযান পরিচালনার ভিডিও তিনি ফেসবুকে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বিএনপি ও সরকারের উচ্চপর্যায়েও অসন্তোষ তৈরি হয়।
এরপর সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কাজ করলে তিনি যত ঘনিষ্ঠই হোন না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই।’
ইশরাকের আগে গত ১ জুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে সমস্যার কথা উল্লেখ করেন তিনি। তবে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান পদে সুপারিশ নিয়ে মতপার্থক্য এবং রাঙামাটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও আলোচনা হয়। তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে-এমন অভিযোগ তুলে তার সমর্থকেরা বিক্ষোভও করেন।
গত ২২ আগস্ট তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। একই দিন তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এর আগের দিন তথ্যমন্ত্রীর দায়িত্ব পান আন্দালিভ রহমান পার্থ। এ ঘটনাকে কেন্দ্র করে স্বপনের মন্ত্রিত্ব হারানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।
এদিকে, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে।
পরপর এসব পদত্যাগের ঘটনায় সরকারের সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা আলোচনা চলছে। বিশেষ করে এসব সিদ্ধান্তের পেছনে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
মূল প্রতিবেদনে যান ↗