Published on
:
2 min read
নিউ জ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশেষে প্রথম একাদশে সুযোগ পেয়েছিল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। চোটের কারণে ঈশান কিষান না থাকায় তিন নম্বরে ব্যাট করতে নামে সে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ১৫ বছরের তরুণ ব্যাটার। আট বলে মাত্র চার রান করে আউট হয় বৈভব। তার ব্যাটিং দেখে মনে হয়েছে, পরিচিত ছন্দে খেলতে পারছে না সে। এ বার বৈভবকে তিন নম্বরে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর মতে, এই জায়গায় ব্যাট করা বৈভবের স্বাভাবিক খেলার সঙ্গে মানানসই নয়। বরং এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনকে তিন নম্বরে নামানো উচিত ছিল।
‘বৈভবকে দেখে মনে হচ্ছিল, নিজের জায়গায় নেই’
ক্রাইস্টচার্চে ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে কথা বলার সময় বৈভবের ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয় অশ্বিনকে। ম্যাচের সাফল্য ও ব্যর্থতার দিকগুলি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বৈভবকে এখনই ব্যর্থ বলা ঠিক হবে না। তবে তিন নম্বরে ব্যাট করতে নেমে ওকে কিছুটা অস্বস্তিতে দেখিয়েছে।
অশ্বিনের দাবি, ‘এটাকে ব্যর্থতা বলা যায়। তবে বৈভবের মতো তরুণ ক্রিকেটারের ক্ষেত্রে এখনই ব্যর্থ শব্দটা ব্যবহার করা ঠিক হবে না। কিন্তু এখানে আমাকে সাফল্য বা ব্যর্থতা— এই দু’টো বিকল্পের মধ্যে একটা বেছে নিতে হবে। আমার মনে হয়েছে, বৈভব নিজের জায়গায় ছিল না। আট বল পেয়েও ও জোরে শট মারার চেষ্টা করে গিয়েছে।’
বৈভবকে দেখে বল ঠিক মতো ব্যাটে লাগছে না বলেও মনে হয়েছে অশ্বিনের। তাঁর মতে, এমন পরিস্থিতিতে অভিজ্ঞ কোনও ব্যাটারের তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে তাকে শান্ত করা উচিত ছিল। কী ভাবে বলের দিকে নজর রাখতে হবে, কী ভাবে শরীরের কাছাকাছি বল খেলে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে, সেই পরামর্শও দেওয়া প্রয়োজন ছিল। অশ্বিন বলেন, ‘আমার মনে হয়নি, বৈভব একবারও ঠিক মতো টাইমিং করে বল মারতে পারছিল। এমন সময় একজন অভিজ্ঞ ব্যাটারের ওর কাছে গিয়ে বলা উচিত ছিল, শান্ত হও, উইকেটে টিকে থাকার চেষ্টা করো। শরীরের কাছাকাছি বল খেলো, বলের দিকে আরও ভালো করে নজর রাখো। অনেক সময় ব্যাটারকে শুধু বলের দিকে আরও ভালো করে দেখতে বললেই হয়। ম্যাচের এত কিছুর মধ্যে আমরা এই সহজ বিষয়টাই ভুলে যাই। আমার মনে হয়েছে, বৈভব নিজের জায়গায় স্বচ্ছন্দ ছিল না। ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামাটা ওর কাপ অফ টি নয়।’
‘এই কম্বিনেশন চাইলে তিনে নামুক সঞ্জু’
অশ্বিনের মতে, বৈভব, অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনকে যদি একই সঙ্গে প্রথম একাদশে খেলাতে হয়, তা হলে ব্যাটিং অর্ডারে বদল আনা উচিত। অভিষেক ও সঞ্জু ওপেন করলে বৈভবকে তিন নম্বরে নামানোর বদলে সঞ্জুকে সেই জায়গায় খেলানো যেতে পারে। এর আগেও ভারতীয় দলের হয়ে এমন ব্যাটিং অর্ডারে খেলেছেন সঞ্জু। এশিয়ান গেমসে তিন নম্বরে ব্যাট করেছিলেন তিনি। ভারতের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টকে কার্যত সেই পরামর্শই দিয়েছেন অশ্বিন। তিনি বলেন, ‘এই কম্বিনেশনে ভারত আগেও খেলেছে। তখন সঞ্জুকে তিন নম্বরে নামতে হয়েছিল। যদি এই তিন জনকে একসঙ্গে খেলানো হয়, তা হলে আমার মনে হয় না বৈভবকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর প্রয়োজন আছে। তবে এ বার যা হওয়ার, তা হয়ে গিয়েছে। এই ম্যাচে বৈভবের ক্ষেত্রে সিদ্ধান্তটা কাজে আসেনি।’