হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার দিক থেকে চলতি অক্টোবর এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ মাস বলে জানিয়েছে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি। সংস্থাটির সংকলিত তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি মাসে এ জলপথে বাণিজ্যিক জাহাজে অন্তত ২৮টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। এতে গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে নথিভুক্ত হামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩টিতে।
এ হিসাবের সঙ্গে মোটামুটি মিল রয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের। সংস্থাটি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১২০টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে।
তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা ১৩৫টি হামলার খবর পেয়েছে। সংস্থাটি বলেছে, হামলার সব ঘটনা প্রকাশিত তথ্যে অন্তর্ভুক্ত না-ও হতে পারে।
আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাব অনুযায়ী, সংঘাত চলাকালে বিশ্বের মোট সুপারট্যাংকারের ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। বিশ্বে এ ধরনের জাহাজের সংখ্যা ৯০০টির বেশি।
সূত্র: আল জাজিরা
এমএস/
