গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাদেকুজ্জামান (৪০) নামে এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রাসায়নিকের ধোঁয়া শ্বাসনালীতে প্রবেশ করায় তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত সাদেকুজ্জামান ওই কারখানার শিফট ইনচার্জ। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খোকশিয়া গ্রামে।
সাদেকুজ্জামানের বড় ভাই জহিরুল ইসলাম জানান, কারখানায় আগুন লাগার পর রাসায়নিকের ধোঁয়া তাঁর ভাইয়ের মুখ ও শ্বাসনালী দিয়ে প্রবেশ করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে ইম্পেরিয়াল হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে বুধবার দুপুরের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
