বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী ১৭ ও ২৪ নভেম্বর এবং ১ ডিসেম্বর পর্যায়ক্রমে তিনটি মামলার শুনানি শুরু হবে। ভিন্ন সময়ে হওয়া আলোচিত এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এ তারিখগুলো নির্ধারণ করেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, সমাজ ও সাধারণ মানুষের বিবেককে নাড়া দেওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। তিনি বলেন, সরকারের বিশেষ কোনো চাওয়া-পাওয়ার কারণে নয়, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিজেদের দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলাটিও দ্রুত শুনানির জন্য চেম্বার বিচারপতির কাছে উপস্থাপন করে তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
আপিল শুনানির প্রস্তুতি : সাত খুন মামলায় আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের ১৬টি ক্রিমিনাল পিটিশন রয়েছে। আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আরও ১৪টি আপিল আদালতের নজরে আনা হয়েছে।
অন্যদিকে, মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ অন্য আসামিদের করা আপিলগুলো একসঙ্গে আদালতে উপস্থাপন করা হয়েছে।
সাত খুন মামলা : ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ
পাঁচজনকে অপহরণ করা হয়। এ ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মোহাম্মদ ইব্রাহিমকেও অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ উদ্ধার করা হয়।
আবরার ফাহাদ হত্যা মামলা : ২০১৯ সালের
৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০২৪ সালের ১৬ মার্চ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে আগামী ২৪ নভেম্বর।
মেজর সিনহা হত্যা মামলা : ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলার রায় দেন। রায়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেওয়া হয়।
২০২৪ সালের ২ জুন হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
