ক্যান্সার ওষুধ উৎপাদনে ২৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা বীকন ফার্মার
মেহেদী হাসান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সারের ওষুধ উৎপাদন সক্ষমতা বাড়াতে ২৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিটির ক্যান্সার চিকিৎসার ওষুধ প্রডাকশন ফ্যাসিলিটি-২ এ এ বিনিয়োগ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি সম্পন্ন হলে তাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা বাড়বে। এর আওতায় বছরে অতিরিক্ত ৩৭ কোটি ৯৭ লাখ ট্যাবলেট, ২১ কোটি ১০ লাখ ক্যাপসুল, ২ কোটি ৫৩ লাখ ব্লিস্টার এবং দুই কোটি ভায়াল ইনজেকটেবল উৎপাদন করা সম্ভব হবে। কোম্পানিটি আশা করছে, এ বিনিয়োগ তাদের আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সক্ষমতা আরো জোরদার করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৩ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৬ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ পেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা ও ১০ শতাংশ উদ্যোক্তা পরিচালকরা। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৭ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭২ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৩ পয়সায়।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৪৩৫ কোটি ৭১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ১০ লাখ। এর ৩৯ দশমিক ৮৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২১ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে।

