দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৪ অক্টোবর থেকে পুনরায় চালু হবে, তবে ১৭ থেকে ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমস কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৪ অক্টোবর শনিবার থেকে স্থলবন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
তিনি আরও জানান, ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
