রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান, প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ, অর্থজিৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ, সাবরিন কবির প্রেমা ওরফে নেহা এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি। তাদের মধ্যে জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান চক্রটির মূল হোতা বলে জানা গেছে। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে।
শফিকুল ইসলাম আরও জানান, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মধ্যবয়সি ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে কৌশলে তাদের নির্ধারিত বাসা বা হোটেলকক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রটির পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে ভয়ভীতি দেখাতেন ও শারীরিক নির্যাতন করতেন। এ সময় আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। এমনকি একবার অর্থ আদায়ের পরও ব্ল্যাকমেইল করে পুনরায় টাকা দাবি করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রটির সদস্যরা ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করতেন। পাশাপাশি ভুয়া নামে নিবন্ধিত সিম কার্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার এবং প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে ডিএমপির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
