কালবেলা · সাধারণ
রাজশাহীতে লিচুবাগানে মিলল ১০৩ তাজা ককটেল
২১/১০/২০২৬

রাজশাহীর কাশিয়াডাঙ্গায় একটি লিচুবাগানে পরিত্যক্ত সিমেন্টের বস্তায় মিলেছে ১০৩টি তাজা ককটেল। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে আদুবুড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। তবে বিপুলসংখ্যক এসব বিস্ফোরক কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল, তা জানা যায়নি।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় ব্যাটালিয়নের সিপিএসসি ইউনিটের একটি দল। এ সময় সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি সিমেন্টের বস্তা তল্লাশি করে হাতে তৈরি ১০৩টি ককটেল পাওয়া যায়।
উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল ও ৩৯টি কালো কসটেপে মোড়ানো ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে সেগুলো জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এসব ককটেল মজুতের পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছিল এবং এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।
মূল প্রতিবেদনে যান ↗