ক্রমবর্ধমান উত্তেজনা ও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মধ্যস্থতাকারী দেশটি সতর্ক করে বলেছে, আঞ্চলিক উত্তেজনা কমানো না গেলে তা আরও বড় আকারের সংঘাতের রূপ নিতে পারে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় আয়োজিত ‘গ্লোবাল সিকিউরিটি ফোরামে’ দেওয়া বক্তব্যে এই তথ্য নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল-আনসারি। খবর আলজাজিরার।
ফোরামে বক্তব্য দেওয়ার সময় মাজেদ আল-আনসারি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা কার্যক্রম থেমে নেই, এটি চলমান রয়েছে। আমরা উভয় পক্ষের পক্ষ থেকেই ইতিবাচক কূটনৈতিক যোগাযোগ দেখতে পাচ্ছি।
কূটনৈতিক আলোচনার গোপনীয়তা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে কাতারের এই মুখপাত্র বলেন, এই আলোচনার বিস্তারিত বা অগ্রগতি সম্পর্কে যে গণমাধ্যমে বেশি কিছু শোনা যাচ্ছে না, সেটাই মূলত আমাদের কাজের সফলতা ও সঠিক পথ অনুসরণের ইতিবাচক লক্ষণ।
আল-আনসারি আরও হুঁশিয়ারি দেন, সংঘাত ও সংকট সমাধানের উদ্যোগ না নিলে তা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ ডেকে আনতে পারে, যা কেবল এই অঞ্চল নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ বার্তা আদান-প্রদান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়ায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
