দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার তিন জনছবি: eisamay.com
Published on
:
1 min read
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছিল গুজব। ভুয়ো ভিডিয়ো দিয়ে আতঙ্ক ছড়ানোর চক্রান্ত করা হয় বলে অভিযোগ। এই অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ধৃতদের সঙ্গে বাংলাদেশি বা বিদেশি যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
পুজোর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিয়ো ও মিথ্যা তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই নিয়ে অভিযোগ আসার পরেই অভিযান চালায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার পুলিশ। সোমবার, গঙ্গারামপুরের কালদিঘি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রেহান সরকার ও সুমন রায়-এর বাড়ি কুমারগঞ্জে। এবং সিদ্দিক আল মিঞা নামে ধৃত অন্য এক জনের বাড়ি গঙ্গারামপুরে।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো আইডি তৈরি করে সেগুলির মাধ্যমে নানা ধরনের ভুয়ো খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিলেন তিন জন বলে অভিযোগ। ভুয়ো খবর ছড়ানোর পাশাপাশি এই চক্রের সঙ্গে বাংলাদেশ ও বিদেশি অর্থের যোগ থাকতে পারে বলেও পুলিশের প্রাথমিক অনুমান। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার অভিষেক গুপ্তা।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্প্রতি দেশজুড়ে সরকারের বিরুদ্ধে ভুয়ো ভিডিয়ো ও গুজব ছড়ানোর অভিযোগে যে চক্রের হদিশ মিলেছে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের ধৃত তিন জনেরও যোগ থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
