২০ বছর ধরে আত্মগোপনে থাকা ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হুমায়ূন কবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের বাসিন্দা।
আজ রোববার দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়।
নাঙ্গলকোট থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পরশুরাম থানা-পুলিশের সহযোগিতায় টেটেশ্বর বাজারে অভিযান চালানো হয়। এ সময় হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় করা দুটি মামলায় তিনি মোট ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
