রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত রয়ে যায়। ঘটনার পরই খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় (ডিস্পোজ) করেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
