ইরানে আজ রোববার নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার জানিয়েছেন, রোববারই হামলা শুরু হতে পারে। অন্যথায় ইরানের সঙ্গে একটি ‘বড় চুক্তি’ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
গত কয়েক দিন ধরেই ইরানে যেকোনো সময় যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্প জানালেন, রোববার থেকেই হামলা শুরু হতে পারে।
ইরানে হামলার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমরা হামলার ব্যাপারে ভাবছি। সম্ভবত আগামীকাল (আজ রোববার) হতে পারে।”
তবে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হলে নতুন করে হামলা এড়াতে পারবে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, “ইরানিরা চুক্তি চায়। কিন্তু সমস্যা হলো, তারা চুক্তি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তাঁর লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা।
গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এ বছর আবারও হামলার সিদ্ধান্ত না নিলে গত বছরের হামলা হয়তো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যথেষ্ট হতো না।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগের মতোই তেল পরিবহন হচ্ছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “আমার কাজটি হয়তো সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা হয়তো চুক্তি করবে। তবে আমি নিশ্চিত নই। সামরিক হামলা বা চুক্তি—যেভাবেই হোক, আমরা জিতব।”
