ডেঙ্গুতে অক্টোবর মাসের ২১ দিনে প্রাণ গেছে ১২৩ জনের।
Published : 22 Oct 2026, 06:01 PM
Updated : 22 Oct 2026, 06:01 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন।
এইডিস মশাবাহিত এ রোগে এ নিয়ে চলতি বছর ৩৬৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসের ২১ দিনেই প্রাণ গেছে ১২৩ জনের। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন করে এবং ময়মনসিংহ বিভাগের বাইরে দুজন মারা গেছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৪৬ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫০ জন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ২৩১ জন, চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, ময়মনসিংহে ৬০, রাজশাহী ১৬৪, রংপুরে ৪৪ এবং সিলেটে আটজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
