স্বপ্ন পূরণের পথে একটা সুযোগই হতে পারে জীবনের সবচেয়ে বড় মোড়। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে প্রতিটি ম্যাচেই নিজেদের প্রমাণের লড়াই চালিয়ে যান ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি তাই তরুণদের জন্য নতুন স্বপ্ন দেখার, নিজেকে চেনানোর এক বড় মঞ্চ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। পাশাপাশি চলমান জাতীয় ক্রিকেট লিগে বিভিন্ন বিভাগের হয়ে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদেরও রাখা হয়েছে স্কোয়াডে।
আগামী ২২ ও ২৩ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) বসুন্ধরার আনবীর ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রস্তুতি ম্যাচটি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল।
সাধারণত প্রস্তুতি ম্যাচে সফরকারী দলকে স্বাগতিকদের কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চায় না আয়োজকরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি একাদশে ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোনো স্পিনারকে রাখা হয়নি। এ ছাড়া স্কোয়াডে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার।
এবারের দলে গুরুত্ব পেয়েছেন তরুণ পেসাররাও। সিলেট বিভাগের হয়ে চলতি জাতীয় লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অনিক দেব বর্মণকে রাখা হয়েছে স্কোয়াডে। রয়েছেন ঘরোয়া ক্রিকেটে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করা পেসার আব্দুল হালিম। রংপুর বিভাগের পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও পেয়েছেন সুযোগ।
ব্যাটিং বিভাগে আছেন ময়মনসিংহের হয়ে চলতি লিগে দুটি অর্ধশতক ও একটি শতক হাঁকানো মাহফিজুল ইসলাম রবিন। আক্রমণাত্মক ওপেনার জিসান আলমকেও রাখা হয়েছে দলে। অন্যদিকে, জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারির সামনে লাল বলের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছে এই ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশ:
মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকি এলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এসএম মেহরুব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লাহ, শামীম হোসেন পাটোয়ারী, আব্দুল হালিম, অনিক দেব বর্মণ, ফাহাদ হোসেইন, হোসেইন (অনূর্ধ্ব-১৯) ও সান (অনূর্ধ্ব-১৯)।
