Published on
:
1 min read
এই সময়, বেলপাহাড়ি : বাল্যবিবাহ রুখতে কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে নাবালিকা মা হওয়ার ঘটনায় গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। সেই বার্তাকে সামনে রেখেই বেলপাহাড়ি ব্লকের শিলদা অঞ্চলের শুকজোড়া আদ্যাশক্তি ক্লাব তাদের মণ্ডপের থিম করেছে ‘বাল্যবিবাহ প্রতিরোধ’। মণ্ডপেই প্রতিদিন সন্ধেয় মঞ্চস্থ হচ্ছে ‘বাল্যবিবাহ’ নাটক। গ্রামের মেয়েরাই তাতে অভিনয় করছে।
এই নাটকের টানেই প্রতিদিন ভিড় জমছে মণ্ডপে। সাজানো গোছানো চিত্রনাট্য। নাটকের শুরুকেই দেখানো হচ্ছে কিশোরীর বিয়ে। বছর ঘুরতে না ঘুরতেই মা হাওয়া। হাসপাতালে জানতে পেরেই পক্সো আইনে স্বামীর বিরুদ্ধে মামলা। তারপরেই গ্রেপ্তার হওয়ার ভয়ে পলাতক নাবালিকার স্বামী। এক কথায় নাবালিকার অবস্থায় বিয়ের যাবতীয় ক্ষতিকর ফলাফল তুলে ধরা হচ্ছে এই নাটকের মাধ্যমে। গ্রামের এগারো জন নাবালক ও নাবালিকাই মঞ্চস্থ করছে নাটকটি। ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করে নাটকের কুশিলবরা নাটকের শেষে মেয়েদের স্বনির্ভরতার বার্তাও দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাল্যবিবাহ রুখতে ২০০৬–এর বাল্যবিবাহ আইনের যে বিষয়বস্তু তুলে ধরেছিলেন তা গ্রামবাসীদের শোনানো হয়। গ্রামের বাসিন্দা গীতা সিং বলেন, ‘মেয়েদের জীবন কী ভাবে শেষ হয়ে যাচ্ছে। আঠারো বছরের নীচে মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা হলে আমারই রুখে দেবো।’ পুজো কমিটির সভাপতি নাটকের লেখক নিশীথ বলেন, ‘গ্রামের কোনও মেয়ের স্বপ্ন যেন মাঝপথেই ভেঙে না যায় তাই গ্রামবাসীদের সচেতন করতে পুজোর থিম ও নাটক করা হচ্ছে।’
স্থায়ী বেদীতে পুজো হলেও বাল্যবিবাহ প্রতিরোধের আদলে থিমের মণ্ডপে চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, পুলিশ– সহ সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত মহিলাদের ছবি ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক গুলো তুলে ধরা হয়েছে। এ বছরের রাজ্য সরকারের দেবী দুর্গা সন্মান -২০২৬– এর জেলার সেরা সমাজ সচেতনতার পুজোর স্থান পেয়েছে শুকজোড়া সর্বজনীন।
