চট্টগ্রামে কবীর-লালন উৎসবে মানবতার জয়গান গান
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত প্রায় ৫০০ বছরের দীর্ঘ এক মানবতাবাদী দর্শনের ধারা আজও অব্যাহত রয়েছে। তাঁদের চিন্তা ও দর্শন যেন একই বিন্দুতে মিলিত হয়ে নতুন এক সম্ভাবনার পথ তৈরি করেছে।
কবীর ও লালনের মানবতাবাদী দর্শন দেশ, কাল, ভাষা, ধর্ম, বর্ণ, গোত্র ও জাতপাতের বিভেদকে অতিক্রম করে মানুষকে ঐক্যের পথে আহ্বান জানায়। তাঁদের দর্শন বিভাজন, বিদ্বেষ ও বৈষম্যের দেয়াল ভেঙে মানবতার জয়গান গায়। আগামী দিনে অহিংস ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে কবীর ও লালনের দর্শন মানবজাতিকে সত্য ও সম্প্রীতির পথ দেখাবে।
চট্টগ্রামে কবীর-লালন ভাবসংগীত উৎসবে এসব কথা বলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।
লালন বিশ্বসংঘের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে সংগীত ও দর্শনের মিলনে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সাদী। সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।
উৎসবে ‘কবীর থেকে লালন: চিরন্তন প্রেমের এক অক্ষয় বন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য নিবেদন করেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
