টানা আটদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য তিন হাজার শ্রমিক কাজে যোগদান করেছেন। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বন্দর সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সপ্তাহিক ছুটিসহ টানা আটদিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে এ আটদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, টানা আটদিন বন্ধের পর সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু’-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের উভয় পাশে সৃষ্টি হয়েছে যানজট ও পণ্যজট। কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে এ বন্দর থেকে। টানা আটদিন বন্ধ থাকায় সরকার প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
