ঝিনাইদহের কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপ ও দেহ ব্যবসার অভিযোগে চার নারীসহ পাঁচজনকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার দুধসরা বাসস্ট্যান্ড সংলগ্ন সানাউল্লাহর মালিকাধীন একটি তিনতলা ভবন থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মহেশপুরের জলিলপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে রাজিয়া খাতুন (৩৭), মাইলবাড়িয়া গ্রামের শাহ জালালের মেয়ে মাহফুজা খাতুন (২৭), ঝিটকিপোতা গ্রামের জিয়াউর রহমানের ছেলে নাসিম রাজা (৩৫), চুয়াডাঙ্গার দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আকাশ হোসেনের মেয়ে ফেরদৌস লামিয়া (২০) এবং একই জেলার আন্দোবাড়িয়া গ্রামের হাসানের স্ত্রী তাজ নাহার (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুধসরা বাসস্ট্যান্ড এলাকার সানাউল্লাহ নামের এক ব্যক্তির নতুন তিনতলা ভবনটিতে সম্প্রতি নতুন ভাড়াটিয়ারা ওঠেন। স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
প্রতিবেশী এক ভাঙারি ব্যবসায়ী জানান, ভবনটির মালিক সানাউল্লাহর ছেলেরা বিদেশে থাকেন। নতুন এই ভবনে নতুন ভাড়াটিয়ারা আসার কিছুদিন পর পুলিশ এসে তাঁদের আটক করে নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা এর আগে মহেশপুর উপজেলায়ও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সেখানে বিষয়টি জানাজানি হয়ে গেলে তাঁরা কোটচাঁদপুরে এসে নতুন করে এই অবৈধ কার্যক্রম শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী ও এক পুরুষকে আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
জেএইচআর
