শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এই সম্প্রীতিটাকে আরও সমৃদ্ধিশালী করার চেষ্টায় কাজ করে যাবো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, আবাহন, মহেশ্বরী, ত্রিনয়নীসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশসহ অন্যান্যরা। পরে মন্ত্রী বিকাল ৩টায় শ্রীমঙ্গলের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
