নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাতজনের। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে বিভাগে মোট চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (২৪ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ডেঙ্গু রোগবিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত সাতজনের মধ্যে চারজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রয়েছেন। এ ছাড়া ধর্মপাশা ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। এ সময়ে মারা গেছেন চারজন।
জেলাভিত্তিক হিসাবে, হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৩০১। এ জেলায় মারা গেছেন দুজন। সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন, তবে সেখানে ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই। সিলেটে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন, মারা গেছেন একজন। মৌলভীবাজারে আক্রান্ত হয়েছেন ৬৭ জন এবং মারা গেছেন একজন।
এ ছাড়া দেশের অন্যান্য জেলা থেকে সিলেট বিভাগে এসে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ জন। তাদের মধ্যে কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, বরিশাল, নোয়াখালী, ফেনী ও ঝিনাইদহের বাসিন্দা রয়েছেন।
গুগলে আমাদের খবর পেতে
