চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ লুটের চেষ্টা করা হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে এ চেষ্টা নস্যাৎ করে দেয়। বর্তমানে পুকুরটি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীদুর রহমান তন্ময়কে ঘটনাস্থলে পাঠান। প্রশাসনের কর্মকর্তারা সেখানে পৌঁছালে মাছ লুটের চেষ্টায় জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার আজিমের নেতৃত্বে একটি পক্ষ সরকারি পুকুরে ওয়াটার পাম্প বসিয়ে পানি সেচে মাছ নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের দ্রুত পদক্ষেপে মাছ লুটের চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, সরকারি পুকুরের মাছ অবৈধভাবে লুটের এ চেষ্টা স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে ঠেকানো সম্ভব হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা দেলোয়ার আজিম। তিনি বলেন, পুকুর থেকে শুধু পানি নেওয়া হয়েছে। তাই অবৈধভাবে সরকারি পুকুরের মাছ লুটের প্রশ্নই আসে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন যুগান্তরকে বলেন, মাছ লুটের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। সরকারি নিয়ম অনুযায়ী, পুকুরের মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।