লক্ষ্মীপুরে ‘লোহা-লক্করের রাজনীতি’ চলতে দেওয়া হবে না বলে জানান পানিসম্পদ মন্ত্রী।
Published : 22 Oct 2026, 10:12 PM
Updated : 22 Oct 2026, 10:12 PM
মাদক, নারী ও অপকর্মে জড়িতদের বিএনপিতে কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “কোনো নেতা যদি মাদক, নারী ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে বিএনপিতে তার কোনো স্থান নেই। তারেক রহমানের শাসনামলে লক্ষ্মীপুরের রাজনীতিতে এ ধরনের সুযোগ দেওয়া হবে না। এ জন্য ভালো লোকদের যুবদলের নেতৃত্বে দেওয়া হবে।”
বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “যুবদলের নেতাগিরি করবেন, আর কেউ লোহা-লক্কর নিয়ে হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, ওই দিন শেষ। লক্ষ্মীপুরে লোহা-লক্করের রাজনীতি চলবে না। কোনো ধরনের অপকর্মে কেউ জড়িত হলে অথবা আওয়ামী লীগের আগের লোকদের সঙ্গে থেকে অপকর্মে লিপ্ত হয়ে কিছু মাল কামাবেন, অপকর্ম করবেন, ওই সুযোগ বিএনপির রাজনীতিতে তারেক জিয়ার আমলে হবে না।”
সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার উপস্থিত ছিলেন।
