সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) আধুনিক, নান্দনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ১৫ দফা প্রাথমিক অঙ্গীকার ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। এছাড়া সুরমা নদীর ওপর ইংল্যান্ডের টেমস নদীর আদলে দুটি নান্দনিক সেতু নির্মাণ, নগরীর স্কুল-মাদ্রাসায় বিনামূল্যে খাবার সরবরাহ এবং সিলেটকে ‘সত্যিকারের বাংলাদেশের লন্ডন সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সিলেটের তালতলাস্থ গুলশান রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনা তুলে ধরেন তিনি।
সভায় আতাউর রহমান জানান, সম্প্রতি খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সিলেট সফরে এসে আসন্ন সিসিক নির্বাচনে তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের দীর্ঘদিনের সমস্যা দূর করতে চাই। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় সিলেটকে একটি নান্দনিক ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
এসময় সিলেট নগরীর প্রধান ১২টি সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। তার মতে, অপরিকল্পিত নগরায়ণ, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক, যানজট, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, খাল-জলাশয় দখল, বিশুদ্ধ পানির সংকট ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাব নগরবাসীর অন্যতম প্রধান সমস্যা।
আতাউর রহমানের ঘোষিত ১৫ দফার অঙ্গীকারের মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, ডিজিটাল নাগরিক সেবা, দুর্নীতি প্রতিরোধ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সিলেটের ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন অবকাঠামো উন্নয়ন, প্রবাসীদের জন্য বিশেষ সেবা এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টি।
এ সময় তিনি সিলেট নগরবাসীর সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
