সিরাজগঞ্জের বেলকুচিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছেলের (ভাতিজা) কোদালের কোপে আবুল কালাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের উত্তর চন্দনগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের স্বজন ও পুলিশ সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিহত আবুল কালাম উত্তর চন্দনগাঁতি গ্রামের মৃত গনি শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আবুল কালামের সঙ্গে তার চাচাতো ভাই মান্নান শেখের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো নিষ্পত্তি হয়নি। এরই জেরে শনিবার সকালে আবুল কালামের মালিকানাধীন শালবাগানের গাছ কাটতে যায় চাচাতো ভাই মান্নান শেখ, তার ছেলে আরিফসহ পরিবারের অন্য সদস্যরা।
খবর পেয়ে আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজা আরিফ তার হাতে থাকা কোদাল দিয়ে আবুল কালামের মাথায় আঘাত করে। এ সময় আবুল কালামকে রক্ষায় তার ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান এগিয়ে এলে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপরেও অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই বদিউজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে নিহতরের চাচাতো ভাই মান্নান শেখ ও তার বেয়াইনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে।
