খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগর যুবদল।
শনিবার (১৭ অক্টোবর) মহানগর যুবদলের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি সফল ও সার্থক করতে বিস্তারিত আলোচনা ও রূপরেখা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং দেশের মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা পূরণে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ঝাকঝমকপূর্ণ ও শৃঙ্খলার মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে খুলনা মহানগর যুবদল রাজপথে তাদের ঐতিহ্যের বার্তা পুনর্ব্যক্ত করবে।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজপথে তৃণমূলের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে শাখা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
প্রস্তুতি সভায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু, মো. জাহিদুল ইসলামসহ মহানগর যুবদলের নির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
