এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে গেরহার্ড পিটার রাখের তত্ত্বাবধানে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে এ জার্মান কোচের অধীনে অংশ নেয় বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি মিডফিল্ডার মোহাম্মদ ফজলে রাব্বি, আমার শরীফ ও মো. মইনুল ইসলাম। নতুন মুখ তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, আবদুল্লাহ, মাহমুদ হাসান ও আরশাদ হোসেন। মওলানা আব্দুল হামিদ ভাসানী হকি মাঠে আগামীকাল দুপুর ২টায় প্রাথমিক স্কোয়াড ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্টিংয়ের জন্য বলা হয়েছে।
আগামী ২৭শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর ও মোহালীতে ছয় দল নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর অনুষ্ঠিত হবে। পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় তাদের জায়গায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ২৭শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত হবে লীগ পর্বের ম্যাচ। এরপর নকআউট পর্বের ম্যাচগুলি হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে। ৪ঠা নভেম্বর হবে সেমিফাইনাল। ৫ই নভেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ এবং ফাইনাল। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো-স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং বাংলাদেশ।
উদ্বোধনী দিনে সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। একদিন পর জাপানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। একই মাঠে ৩০শে অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১লা ও ২রা নভেম্বর যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও চীনের মুখোমুখি হবেন আমিরুলরা। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান এবং পাকিস্তান অংশ নেয়। বাংলাদেশ রাউন্ড-রবিন লীগে চার ম্যাচের সবকটিতেই হেরে যায় এবং তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে। টুর্নামেন্টে ভালো করতে না পারলেও বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর ২০২১ সালের এই আসরে প্রতিযোগিতার ‘রাইজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াড: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মো: হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এমএম মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ, মো: সোহানুর রহমান, মো: আবেদ উদ্দিন, মো: তৈয়ব আলী, মো: তানভীর রহমান সিয়াম, মো: আবদুল্লাহ, মো: মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, মো: আরশাদ হোসেন, মো: শহিদুর রহমান সাজু, মো: দ্বীন ইসলাম ইমন।
