সৌদি আরবের নাজরান অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে নাজরানের কাছে সৌদি আরবের একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করা হয়েছিল। দুই পক্ষ একই হেলিকপ্টারের কথা বলছে কি না, তা স্পষ্ট নয়।
রোববার এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, সৌদি আরবের এএইচ ৬আই মডেলের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এর দুই ক্রু সদস্য নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধিক্ষেত্রের মধ্যে বিধ্বস্ত হয়েছে।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, নাজরানের কাছে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাদের বাহিনী। তার দাবি, সীমান্ত এলাকায় হুতি অবস্থান লক্ষ্য করে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়।
তবে সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে। দুই পক্ষের দাবি একই ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
/অ
