কালবেলা · রাজনীতি
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন দেবেন জেলেনস্কি
১১/১০/২০২৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে রোববার (১১ অক্টোবর) তিনি এ কথা বলেন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন। ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দিন, আমরা নির্বাচন আয়োজন করব।
এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করেন ট্রাম্প। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর এক দিন আগে রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধে অর্থায়নের জন্য মস্কোর রাজস্ব কমিয়ে দেওয়া।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।
এর জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনের নেতা কে হবেন, তা দেশটির জনগণই নির্ধারণ করবেন। তিনি আরও বলেন, ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন দেখতে চান পুতিনও।
জ্বালানির দাম বাড়ার জন্য ইউক্রেনকে দায়ী করার সমালোচনা করে জেলেনস্কি বলেন, বিশ্বের সবাই বোঝেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে। অথচ দাম বাড়ার জন্য ইউক্রেনকে দায়ী করা সহজ।
এর আগে রোববার জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করলে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত কিয়েভ।
সূত্র : রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗