দেশে ডেঙ্গু ও হাম পরিস্থিতি আদৌ ভালো নয়। বলা চলে পরিস্থিতি ক্রমাগত খারাপই হচ্ছে। গত একদিনে ডেঙ্গু ও হামে ৯ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৩৫ জনের প্রাণ গেল। হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৬৬ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হন ১২৫ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১৯ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১২৭ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ১৪০ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ৯৯ এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত। অপরদিকে, দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের; একজন করে আছেন ঢাকা,ময়মনসিংহ ও বরিশাল বিভাগের। সরকারের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সাত মাসে সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয় ১ হাজার ৮২ জনের। বাকি ১০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর যে হালনাগাদ প্রতিবেদন দিয়েছে, তাতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের হাসপাতালে ভর্তির কথাও বলা হয়েছে। দেশে ডেঙ্গু ও হামের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ জরুরি।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
