নিজস্ব প্রতিবেদক · ২৩ অক্টোবর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর সড়কের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, ওই ব্যক্তির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। এ জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
গুগলে আমাদের খবর পেতে
