লালন ফকিরের আখড়াছবি : ফেসবুক
Published on
:
1 min read
সব ধর্মের মানুষকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন তিনি। সেই লালন ফকির শাহের আখড়ায় পাওয়া গেল ‘টাইম বোমা’। এর পরেই কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়া ছেড়েছেন ভক্তরা। সেই সঙ্গেই এর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তাঁরা।
কুষ্টিয়ায় কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ায় আছে লালন ফকিরের আখড়া। ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সেখানেই চলছিল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানস্থল থেকেই উদ্ধার হয়েছে ‘টাইম বোমা’।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন রবিবার, মধ্যরাতে আখড়াবাড়ি থেকে পেট্রল ভর্তি দু'টি বোতল, লোহার পাইপ ও বিদ্যুতের তার যুক্ত একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুমারখালি থানার ওসি জামাল উদ্দিন। এই খবর পাওয়ার পর সোমবার সেখানে যান ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজ়ম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের আধিকারিকরা। তাঁরাই ওই সন্দেহজনক ডিভাইসকে ‘টাইম বোমা’ বলে চিহ্নিত করেন। সেটি পরে নিষ্ক্রিয় করা হয় বলে জানান তিনি।
এ দিকে, এই ঘটনার কথা জানার পরেই আতঙ্কে সোমবার সকাল থেকে ধাম ছাড়তে শুরু করেন সাধু ও ভক্তরা। তবে ঘটনার পর রবিবার মধ্যরাত থেকে আখড়াবাড়ি থেকে সবাইকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ভক্তদের। যদিও পুলিশের দাবি, সেখানে আসা ভক্তদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই পদক্ষেপ করা হয়। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
সোমবার ছিল তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন। তার আগেই এই ঘটনায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন লালন ভক্তরা। এর আগেও লালনের আখড়ায় অনুষ্ঠান চলার সময়ে তা বানচাল করার চেষ্টা হয় বলে অভিযোগ।
