দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। সড়কে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখা এবং আইন অনুযায়ী নম্বর প্রদর্শন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। প্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এ ছাড়া নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বরের অনুলিপি সামনের দিকে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে বিআরটিএর বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত মাপ, উপাদান ও অন্যান্য শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেলের সামনের দিকে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অবস্থায় মোটরসাইকেল চালকদের নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করে বিআরটিএর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
The post মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ appeared first on ভোরের চেতনা.
