চোরবাগানে সিটের দল। গেল ফরেনসিক দলও। প্রায় ১৫ মিনিট ঘটনাস্থলে ছিলেন তদন্তকারী দল। ছিল থ্রি ডি স্ক্যানার। ঘটনাস্থল খতিয়ে দেখেন তদন্তকারীরা। কী করে দুর্ঘটনা, প্রবেশ ও প্রস্থানের পথ কত ফুট চড়ওা ছিল। কোন পরিস্থিতিতে মণ্ডপ ভেঙে যাওয়ার মতো বিভ্রান্তিকর ঘোষণা! সব দিক খতিয়ে দেখেন তাঁরা। কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা বোঝার চেষ্টা করেন তদন্তকারী বিশেষ দল। পাশাপাশি সিট প্রধান প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, তিন মাসের মধ্যে রিপোর্ট জমা করা চ্যালেঞ্জিং।
দুর্ঘটনার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন হাই কোর্টের কোনও বিচারপতিকে মাথায় বসিয়ে তদন্তকারী দল তৈরি করা হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। ৬ জনের প্রতিনিধি দল আজ, বৃহস্পতিবার ঘটনাস্থলে যান।
এ দিকে সংবাদমাধ্যমে সিটের প্রধান প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জানিয়েছেন, তিন মাসের মধ্যে সব দিক খতিয়ে দেখে তদন্ত শেষ করা বেশ চ্যালেঞ্জিং। বলেন, “তদন্ত করে ৩ মাসে রিপোর্ট দেওয়াটা চ্যালেঞ্জিং। তবে করতেই হবে। মৃত্যু কী কারণে। সেটা খুঁজে বার করতে হবে। আগামীতে যাতে এই রকম ঘটনা না ঘটে দোষীদের দোষী সাব্যস্ত করতে হবে।”
