Published on
:
1 min read
অনুমতি বা কোনও চুক্তিপত্র ছাড়াই আন্তর্জাতিক টুর্নামেন্টে নাম জড়িয়ে দেওয়ার অভিযোগে এ বার ক্ষোভপ্রকাশ করলন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ওপেনার শিখর ধাওয়ান। ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপ’ নামের একটি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় হিসেবে তাঁর নাম ঘোষণা করায় আয়োজকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিলেন তিনি। সমাজমাধ্যমে সরব হয়ে ভারতের প্রাক্তন এই বাঁহাতি ব্যাটার সাফ জানিয়ে দিয়েছেন, টুর্নামেন্টের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তাঁর অনুমতি ছাড়া তাঁর জনপ্রিয়তাকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।
পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে একই দলে ধাওয়ান
সম্প্রতি আয়োজক সংস্থার তরফ থেকে ‘এশিয়া ওয়ারিয়র্স’ নামে একটি দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়, যেখানে শিখর ধাওয়ান অন্যতম প্রধান প্লেয়ার হিসেবে রাখা হয়েছিল। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, সেই একই স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিল পাকিস্তানের একাধিক ক্রিকেটারকে। বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান ধাওয়ান।
মঙ্গলবার এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে ধাওয়ান লেখেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে প্রতিযোগী হিসেবে আমার নাম যুক্ত হওয়ার খবর আমার নজরে এসেছে। আয়োজকরা আমার কোনও প্রকার সম্মতি বা অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে আমার নাম ব্যবহার করেছে। এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমার লিগ্যাল টিম প্রস্তুতি নিচ্ছে। আমি সংবাদমাধ্যম ও আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানাচ্ছি, কোনও অনুমোদনহীন বা ভুয়ো তথ্যে কান দেবেন না।’
— Shikhar Dhawan (@SDhawan25) October 13, 2026I have come across my name as a participant in the World T20 Continent Cup. My name has been used by the organisers without my knowledge or permission, and my team will be taking the appropriate legal steps to address this.
I request the media and my fans to not report or rely…
দলে শিখরের সঙ্গে আর কে কে?
উল্লেখ্য, আয়োজকদের প্রকাশিত ওই ২৪ সদস্যের ‘এশিয়া ওয়ারিয়র্স’ স্কোয়াডে শিখর ধাওয়ান ছাড়াও ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল শর্মা, অলরাউন্ডার গুরকিরাত সিং মান এবং পেসার অভিমন্যু মিথুনের নাম রাখা হয়েছিল। পাশাপাশি সেই দলে ছিলেন পাকিস্তানের তারকা পেসার সোহেল তনভীর, হার্ড-হিটার ইফতিখার আহমেদ এবং পেসার মহম্মদ ইমরান খানের মতো একাধিক পাকিস্তানি ক্রিকেটার।
