কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মমিনুল ইসলাম (২৯) নামে এক ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মমিনুল উপজেলার সদর ইউনিয়নের বাগভাণ্ডার সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা করে আসছিলেন বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মমিনুল দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে আসছিলেন। তিনি নিরীহ মানুষকে কখনো মাদক মামলা, কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। এ ছাড়া তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় মমিনুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’
এমই
