গাজীপুরের শ্রীপুরে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে ১৪ থেকে ১৭ বছর বয়সী আট কিশোরকে আটক করেছে পুলিশ; শুক্রবার থানার সামনে মিছিলের পর বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে আট কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় শ্রীপুর থানার সামনে একদল যুবক জড়ো হন। পরে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিল বের করেন।
মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে ধাওয়ার মুখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। এ সময় আট কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির নেতাকর্মীরা।
আটক কিশোররা হলো— আরিফ, আতিকুর, জুনাইদ, মমিন, সতেজ, কনিক, জয় ও রানা। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাদের বাড়ি শ্রীপুর উপজেলার মাষ্টার বাড়ি ও বাঘের বাজার এলাকায় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে।
তবে মিছিলের আয়োজন, এর পেছনে কারা জড়িত ছিলেন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, মিছিলের ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর পৌর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে পৌর শহরে মিছিল বের করা হয়েছিল। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
