কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে সুমনকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তবে রিসোর্টের মালিক ও ম্যানেজারের বাইরে অন্য কারও বিরুদ্ধে মামলা হয়েছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করে জানাননি।
এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। ওসি আতিকুর রহমান মজুমদার জানান, উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি এবং পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে ডিএনএ পরীক্ষা করা হবে। এরপর মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কক্সবাজার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষা করা হবে।
