আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে ফের ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরের গেটের সামনেই একের পর এক পুণ্যার্থীকে পিষে দিল বেপরোয়া গতির লরি। লরির চাকায় পিষ্ট হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। মধ্য রাতের দুর্ঘটনায় হাহাকার গোটা রাজ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পুলিশ জানিয়েছে, গতকাল রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শীতলা মাতা মন্দিরের সামনে। বেপরোয়া গতির একটি লরি পুলিশের চেক পয়েন্ট ভেঙে, মন্দিরের গেট ও বাইরের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে।
গোয়ালিয়রের পুলিশ আধিকারিক ধর্মবীর সিং জানিয়েছেন, গতকাল রাত দেড়টা নাগাদ চিনারের দিক থেকে আসছিল লরিটি। তাতে ধান বোঝাই করা ছিল। ওই রাস্তায় ভারী যান চলাচল নিষিদ্ধ ছিল। কিন্তু দ্রুত গতির লরিটি নিষেধাজ্ঞা উড়িয়ে ওই রাস্তায় ঢুকে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়ে। পরপর কয়েকজন পুণ্যার্থীকে পিষে দিয়েই মন্দিরের দেওয়ালে ধাক্কা মারে লরিটি।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, মন্দিরের সামনের রাস্তায় থাকা পুণ্যার্থীরা লরির তলায় চাপা পড়েন। মধ্য রাতেই ৩৯ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যাঁদের মধ্যে ১২ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। ছ'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আহতদের মধ্যে দু'জন পুলিশ কর্মীও রয়েছেন।
গোয়ালিয়রের মন্দিরের সামনের দুর্ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই লরিটি রাস্তায় ঢুকে পড়ল, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, সবদিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
